ফেরিতে জুয়া খেলতে গিয়ে দুজন গ্রেপ্তার
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিতে গত শুক্রবার রাতে জুয়া খেলার প্রস্তুতি নেওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করেছে নৌফাঁড়ি পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন উত্তর দৌলতদিয়া হোসেন মণ্ডলপাড়ার মো. মালেক সরদার (৩৫) ও উম্বার গাজী গ্রামের আবু বক্কর গাজী (২৭।
গোয়ালন্দঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান জানান, শুক্রবার রাত আটটার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা একটি ইউটিলিটি ফেরি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে ভিড়ছিল। এর আগেই উপপরিদর্শক (এসআই) আকতার হোসেনসহ দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্যওই দুজনকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে তাস, এক লিটার কেরোসিন তেল, একটি কুপি বাতি ও ১৪০ টাকা উদ্ধার করা হয়।
তবে গ্রেপ্তার হওয়া মালেক সরদার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, শুক্রবার নয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ায় আসার পথে ফেরিতে একটি ট্রাকের যান্ত্রিক ত্রুটির কারণে কিছু ডিজেল বের হয়। পরে গাড়ির চালক ওই তেল তাঁকে দিয়ে দেন।
এ সময় ফেরি ঘাটে ভিড়লে পুলিশ তাঁকে আটক করে। পরে জানতে পারেন ফেরিতে জুয়াড়িরা উঠেছিল। এ কারণে তাঁকে আটক করা হয়েছে।