ফেরিতে জুয়ার আসর বসিয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ফেরিতে জুয়ার আসর বসিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়া হচ্ছে। গত মঙ্গলবার দিবাগত রাতে শাহ মখদুম নামের একটি ফেরি থেকে প্রতারক চক্র কয়েকজন যাত্রীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে।
প্রত্যক্ষদর্শী একটি জাতীয় পত্রিকার সাংবাদিক সৈয়দ মুহাম্মদ মুঈনুল হক জানান, মঙ্গলবার রাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি শাহ মখদুম মাঝনদীতে পৌঁছালে সাত-আটজন যুবক নৌকা থেকে ফেরিটিতে ওঠে। এরপর ফেরির একপাশে তাঁরা মোমবাতি জ্বালিয়ে তাস দিয়ে জুয়ার আসর বসায়। অল্প সময়ে অনেক টাকা জেতা যায়, এমন প্রলোভনে পড়ে কয়েক যাত্রীর কাছ থেকে জুয়াড়িরা অর্থ হাতিয়ে নেয়। আর যাঁরা খেলতে চান না, তাঁদের কাছ থেকে জোর করে জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে।
মামুন-অর রশিদ নামের একজন বাসযাত্রী বলেন, জুয়া খেলা দেখে কৌতূহলবশত তিনি এগিয়ে যান। এ সময় জুয়াড়িরা তাঁর কাছে থাকা নগদ ছয় হাজার টাকা কেড়ে নেয়। একই সময় কবির হোসেন নামের আরেক যাত্রীর কাছ থেকেও এক হাজার ২০০ টাকা কেড়ে নেয় তারা। এভাবে কয়েকজন যাত্রীর কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও হাতে থাকা জিনিসপত্র কেড়ে নিয়ে ফেরিটি দৌলতদিয়ার কাছে আসার আগেই তারা নেমে পড়ে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, নৌপথের নিরাপত্তার বিষয়টি নৌপুলিশ দেখভাল করছে।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, ‘নৌপুলিশ গঠিত হওয়ার পর ঘাট থেকে কোনো ফেরি ছেড়ে গেলে তাতে আমাদের ফোর্স দেওয়া হয়। কিন্তু জুয়াড়িরা যে ফেরিতে পুলিশ নেই, খোঁজ নিয়ে সেই ফেরিতেই এ ধরনের অপকর্ম ঘটাচ্ছে বলে জানতে পেরেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’