ফেরিতে ডাকাতির চেষ্টা প্রতিরোধের মুখে পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা শাহ মখদুম ফেরিতে ডাকাতির চেষ্টা করেছে একদল ডাকাত। তবে ফেরির কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ অন্যদের প্রচেষ্টায় ডাকাতি করতে ব্যর্থ হয় তারা। গত শুক্রবার ওই ঘটনা ঘটে।
ঘটনার সময় ফেরিতে পুলিশ পাহারা থাকার কথা থাকলেও কোনো পুলিশ ছিল না বলে অভিযোগ পাওয়া গেছে।
শাহ মখদুম ফেরির ইনচার্জ মাস্টার মো. হানিফ বলেন, শুক্রবার রাতে শাহ মখদুম ফেরিটি পাটুরিয়ার চার নম্বর ঘাট থেকে চারটি ট্রাক, দুটি বাস ও ১২টি ব্যক্তিগত গাড়ি নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। কিছুক্ষণ পরেই ইঞ্জিনচালিত একটি বড় ট্রলারে করে ১৫-২০ জনের একটি ডাকাত দল ফেরিতে উঠে পড়ে। বিষয়টি বুঝতে পেরে ফেরির কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও যাত্রীরা প্রতিরোধের চেষ্টা করে। সবাই মিলে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতেরা কেউ নদীতে লাফ দিয়ে, কেউ ট্রলারে উঠে পালিয়ে যায়।
মাস্টার মো. হানিফ অভিযোগ করেন, ঈদ এলেই একটি চক্র ফেরিতে উঠে যাত্রীদের সর্বস্ব কেড়ে নেয়। সেই সঙ্গে জুয়ার আসর বসিয়ে টাকা ও সামগ্রী কেড়ে নেয়। এ জন্য ঈদ উপলক্ষে রাত আটটা থেকে সব বড় ফেরিতে পুলিশ থাকার সিদ্ধান্ত হয়। অথচ রাত ১০টার আগে কোনো পুলিশকে পাওয়া যায় না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, সময়মতো সবাই এগিয়ে না এলে যাত্রীদের অনেকেই জখম হতে পারতেন।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, পুলিশের তৎপরতা না থাকায় ফেরিতে ডাকাত ও জুয়াড়িদের তৎপরতা বেড়ে চলছে।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল সরকার বলেন, প্রতিদিন চারটি বড় ফেরিতে পাটুরিয়া ও অন্য চারটিতে দৌলতদিয়া নৌপুলিশের পাহারা দেওয়ার কথা রয়েছে। তাঁদের রাত আটটা থেকে এবং পাটুরিয়া ফাঁড়ি পুলিশের রাত ১০টা থেকে দায়িত্ব পালনের কথা। ঘটনাটি মানিকগঞ্জের মধ্যে হওয়ায় পাটুরিয়া পুলিশ বিষয়টি দেখভাল করবে।