ফেরিতে ফের সক্রিয় জুয়া-ছিনতাই চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে জুয়া-ছিনতাই চক্র। এত দিন ফেরিতে রাতে জুয়া চলছিল। গত শনিবার দিনের বেলায় জুয়ার আসর বসিয়ে এক যাত্রীর টাকা ছিনিয়ে নেয় জুয়াড়িরা।
নৌ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মদদে এ জুয়া চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত রাত ১০টার পর ফেরিতে জুয়ার আসর বসে। যে ফেরিতে দূরপাল্লার ও শীতাতপ-নিয়ন্ত্রিত বাস ওঠে, সেটিকে লক্ষ্য করে এগোয় জুয়া-প্রতারক চক্র। ফেরি মাঝনদীতে পৌঁছানোমাত্র ট্রলার নিয়ে ফেরির পেছন দিক দিয়ে উঠে পড়ে ওই চক্র। পরে তারা কুপিবাতি বা মোমবাতি জ্বালিয়ে তাস নিয়ে জুয়া খেলা শুরু করে। এই চক্রের সদস্যসংখ্যা ১৫-২০। কয়েকজন সদস্য যাত্রীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কেউ কেউ দর্শক সেজে সহজেই জেতা যায়, এমন অভিনয় করে। তাদের ফাঁদে পা দিলেই সেই যাত্রীকে সর্বস্ব খোয়াতে হয়। কেউ জুয়া খেলতে না চাইলে তাঁর সবকিছু কেড়ে নেওয়া হয়। প্রতিবাদ করলে তাঁর ওপর হামলা চালানো হয়।
গত ২৬ নভেম্বর সিঙ্গাপুরপ্রবাসী গোপালগঞ্জের সজল সরকার তাঁর বড় ভাই সঞ্জয় সরকার ও ভাবিকে নিয়ে বাসে করে বাড়ি ফিরছিলেন। পাটুরিয়ায় এসে ‘ভাষাশহীদ বরকত’ ফেরিতে ওঠেন। সজল জানান, ফেরিটি মাঝনদীতে পৌঁছালে তিনি বাস থেকে নেমে পায়চারি করছিলেন। বাতি জ্বালিয়ে কয়েকজনকে তাস খেলতে দেখে এগিয়ে যান। এ সময় কয়েকজন এসে কোন বাসের যাত্রী, টিকিট আছে কি না দেখতে চেয়ে জোর করে তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকা ও হাতের স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। তিনি চিৎকার দিলে ফেরিতে থাকা দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ এসে কোব্বাত মণ্ডল (৪০) নামের এক জুয়াড়িকে গ্রেপ্তার করে। কোব্বাতের বাড়ি দৌলতদিয়ার হোসেন মণ্ডলপাড়ায়। কোব্বাত পুলিশের কাছে স্বীকার করেন, এই চক্রের হোতা মাদার কাজী, জামাল, সোনাইসহ ১০-১২ জন ছিল।
এর আগে ১৮ নভেম্বর ঢাকা থেকে পর্যটক পরিবহনে একটি বাসে শরণখোলার নিজবাড়িতে যাচ্ছিলেন এক সাংবাদিক। বাসটি রাত ১১টার দিকে ‘শাহ মখদুম’ ফেরিতে ওঠে। ওই সাংবাদিক জানান, ফেরি ছাড়ার কিছুক্ষণ পর কয়েকজন যাত্রীর চিৎকার শুনে তিনি এগিয়ে যান। এ সময় কয়েকজন যুবক তাঁকে ধমক দিয়ে মুঠোফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। দ্রুত সরে যান তিনি। পরে জানতে পারেন, একই বাসের যাত্রী মামুন ও কবির হোসেনের কাছ থেকে জুয়াড়িরা ৭ হাজার টাকা কেড়ে নিয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে ‘বনলতা’ ফেরিটি দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল। এ সময় জুয়ার আসর থেকে প্রতিবন্ধী এক যুবকের পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। অবশ্য এদের চারজনকে ধরে ফেলে যাত্রীরা।
অনুসন্ধানে জানা গেছে, বড়-ছোট দুটি দল জুয়া ও ছিনতাইয়ের মাধ্যমে যাত্রীদের সবকিছু লুট করে। বড় দলে নেতৃত্ব দিচ্ছেন মাদার কাজী, হাশেম কাজী, ও কোব্বাত মণ্ডল এবং ছোট দলের নেতৃত্বে আছেন নজরুল বেপারি ও মানিক। একটি দলে আছেন মানিকগঞ্জের পাটুরিয়া এলাকার সেন্টু, মন্নাফ, রকিব, রহিম ও লাবলু। এঁদের অনেকেই খাদ্যদ্রব্য বিক্রেতার (হকার) বেশে ফেরিতে ওঠেন।
কয়েক বছর ধরে ফেরিতে জুয়া ও ছিনতাই চলছে। পুলিশের অভিযান জোরদার হলে জুয়াড়িদের তৎপরতা কমে। তবে প্রভাবশালী ব্যক্তিদের নাম কেউ বলতে চাননি।
এ ব্যাপারে চেষ্টা করেও মাদার কাজী ও নজরুল বেপারির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। হাশেম কাজীর মুঠোফোনে ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফেরি মাস্টার জানান, ফেরিতে জুয়া চলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তা বন্ধ হয়নি। উল্টো জুয়াড়িরা ঘাট এলাকার প্রভাবশালী ব্যক্তিদের নাম বলে ভয় দেখায়। এ ছাড়া পুলিশকে নিয়মিত বখরা দিয়েই ফেরিতে জুয়া খেলা চালানো হয়।
এ ব্যাপারে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, ‘আমি কিছুদিন আগে এখানে যোগ দিয়েছি। ফেরিতে মাঝেমধ্যে জুয়া খেলা হয় শুনেছি। এ জন্য বর্তমানে ফেরিতে পুলিশ দেওয়া হয়। তবে সব ফেরিতে পুলিশ দেওয়া সম্ভব হয় না।’
জুয়াড়িদের কাছ থেকে পুলিশের নিয়মিত বখরা নেওয়ার অভিযোগ অস্বীকার করে পাটুরিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই মুক্তাদির হাসান জানান, ফেরিতে জুয়া বন্ধ করতে নিয়মিত পুলিশ দেওয়া হয়। নৌ পুলিশের পাশাপাশি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরাও খোঁজখবর রাখছেন বলেও তিনি দাবি করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরিতে জুয়ার ব্যাপারে কর্তৃপক্ষ রাজবাড়ী ও মানিকগঞ্জ পুলিশ প্রশাসনকে কয়েকবার লিখিতভাবে জানিয়েছে।