ফেরির ক্যানটিনে অস্বাস্থ্যকর খাবার, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরির ক্যানটিনে ছিল না খাবারের মূল্যতালিকা। খাবারগুলো ছিল খোলা অবস্থায়। ক্রেতাদের কাছে থেকে ইচ্ছামতো নেওয়া হচ্ছিল দাম। ভ্রাম্যমাণ আদালত গিয়ে এসব ক্যানটিনের মালিকদের জরিমানা করলেন। আদায় হলো সঙ্গে সঙ্গে। 

আজ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলাচলকারী দুই ফেরির ক্যানটিন মালিককে জরিমানা করা হয়।
শুধু ফেরির ক্যানটিনেই এ অভিযান সীমাবদ্ধ থাকেনি। ফেরির টিকিট বিক্রেতা ও দৌলতদিয়ার ঘাটের কাছের হোটেল মালিকদেরও জরিমানা করা হয়।

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শেখ মো. আবদুল্লাহ সাদীদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিনের নির্দেশে এ অভিযান হয়।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী রোরো (বড়) ফেরি কেরামত আলীর ক্যানটিনে মূল্যতালিকা না টাঙিয়ে ক্রেতাদের কাছ থেকে খাদ্যের বেশি টাকা আদায় করার দায়ে ক্যানটিনের ইজারাদার মোকলেছুর রহমানকে ২০ হাজার টাকা এবং ক্ষতিকর পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের দায়ে ইউটিলিটি (ছোট) ফেরি চন্দ্রমল্লিকার ক্যানটিন ইজারাদার নাসির উদ্দিনের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপর দিকে দৌলতদিয়া ঘাটে ফেরির টিকিট বিক্রেতা শম্ভু মণ্ডল ২৫ টাকার টিকিট যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা আদায় করায় তাঁকে একই আইনের ৪০ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দৌলতদিয়া ঘাটের লক্ষ্মী নারায়ণ হোটেলকে পাঁচ হাজার টাকা ও জিয়া হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা করা হয় বলে জানান নির্বাহী হাকিম।
আবদুল্লাহ সাদীদ আরও জানান, অপর এক অভিযানে মোটর ভেহিকল অধ্যাদেশ এর ১৯৮৩ সালের আইনে অধিক ওজন পরিবহনের দায়ে চারটি ট্রাকের পণ্যের মালিক কর্তৃপক্ষের কাছ থেকে ৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালনার সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল, কৃষি বিপণন অধিদপ্তরের রাজবাড়ী জেলা বিপণন কর্মকর্তা মো. আকমল হোসেন, রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক প্রমুখ।
অভিযোগ আছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দীর্ঘদিন ধরে ক্যানটিনের দায়িত্বপ্রাপ্ত ইজারাদারেরা এই রুটে চলাচলরত যাত্রীদের কাছে বেশি দামে খাবার বিক্রি করে। বাড়তি মুনাফার আশায় নিম্নমানের খাদ্যসামগ্রী সংরক্ষণ করে থাকে। কখনো কেউ প্রতিবাদ করতে গেলে তাকে নানাভাবে হয়রানি করা হয়ে থাকে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে যাতে কেউ নোংরা পরিবেশে বা ক্ষতিকর পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করতে না পারে এ জন্য জেলা প্রশাসনের সিদ্ধান্তে এখন থেকে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান চলবে।