ফেল করায় কলেজে ভাঙচুরের অভিযোগ
ফেল করায় রংপুর মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা কলেজের তিনটি বিভাগে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী বলেন, তিন বিষয়ে ফেল করায় চতুর্থ বর্ষের কয়েকজন শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে আজ দুপুরে ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি ও প্যাথলজি বিভাগে টেবিল-চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করে। এ ছাড়া কাগজপত্র ছিঁড়ে তছনছ করে। এ সময় ওই তিন বিভাগের কোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। এ তিন বিভাগে মোট ৬৮ জন শিক্ষার্থী ফেল করেছেন।
কয়েকজন শিক্ষকের দাবি, ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের ফেল করা শিক্ষার্থীরা এক জোট হয়ে অতর্কিতভাবে এ ভাঙচুর চালায়।
ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের এক নেতা জড়িত রয়েছেন—এমনটা দাবি করে বলেন, তবে ছাত্রদল ও শিবিরের একটি পক্ষ এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিও জানান। তা না হলে কলেজের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
এদিকে কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হটাতে পুলিশ লাঠিপেটা করে। এতে এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে।
ঘটনার পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষÿআবু তালেবের সভাপতিত্বে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ঘণ্টা অ্যাকাডেমিক কাউন্সিলের সভা হয়। সেখানে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষÿআবু তালেব বলেন, বিষয়টি দুঃখজনক। পুরো ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।