ফেলে দেওয়ার পর পায়ের ওপর দিয়ে চলে গেল বাস
যাত্রীবাহী বাসের দরজা থেকে চালকের সহকারী (হেলপার) এক স্কুলছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর তার দুই পায়ের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে বাস। গতকাল বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রতিবাদে ওই ছাত্রের সহপাঠীরা বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করে।
আহত শিক্ষার্থী কালিয়াকৈর উপজেলার পালপাড়া এলাকার মৃদুল পালের ছেলে মৃন্ময় পাল সুজয় (১২)। সে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সুজয় গতকাল বুধবার সকালে কেপি পরিবহনের একটি বাসে উঠে স্কুলে যাচ্ছিল। পথে বাসটি অপর আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে সফিপুর বাজারের দিকে যেতে থাকে। এরপর সফিপুর বাজারের পশ্চিম পাশে বাসটি পৌঁছালে হেলপার তাকে তাড়াহুড়ো করে ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এ সময় সুজয় পড়ে গেলে বাসের পেছনের চাকা দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে পায়ের নিচের অংশের মাংস ও হাড় পিষ্ট হয়। আশপাশের লোকজন ও স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
পিষ্ট হয়ে যাওয়া পা কেটে ফেলতে হবে এমন খবর স্কুলে পৌঁছালে সহপাঠীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় ইটপাটকেল নিক্ষেপ করে চার-পাঁচটি যানবাহনের গ্লাস ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় বেশ কয়েকজন আহত হয়। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, আহত শিক্ষার্থীর পা দুটির অবস্থা খুবই খারাপ বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার চিকিৎসার জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।