ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা করে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শাখওয়াত হোসেনের কাছ থেকে ১ লাখ ১১ হাজার ৭৩০ টাকা হাতিয়ে নিয়েছেন রংপুরের দুই প্রতারক। শাখওয়াতের প্রবাসী ভাই আনোয়ার হোসেন মাসুমের আইডি হ্যাক করে এই প্রতারণার ঘটনা ঘটে।
এ ঘটনায় শাখওয়াত হোসেন বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর ভোলা সদর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেছেন। এ ঘটনায় রংপুরের পুলিশ তদন্ত করে মো. হাসিব ঈমাম ও মো. আসাদুজ্জামান আপন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রতারক চক্রের দুই সদস্য ফেসবুকে কুয়েতপ্রবাসী আনোয়ার হোসেনের আইডি হ্যাক করেন। তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের বাসিন্দা। প্রতারকেরা আনোয়ার হোসেন সেজে বিদেশে বিপদে আছেন জানিয়ে তাঁর ছোট ভাই শাখওয়াত হোসেনকে টাকা পাঠাতে বলেন। গত ২৬ আগস্ট শাখওয়াত হোসেন প্রতারকদের দেওয়া বিকাশ নম্বরে ১ লাখ ১১ হাজার ৭৩০ টাকা পাঠান। টাকা পাঠিয়ে আনোয়ার হোসেনকে ফোন দিলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক ভোলা সদর থানায় জিডি ও পরে মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) সনজিৎ চন্দ্র শীল বলেন, এ ঘটনায় ভোলার একটি প্রতারক চক্রও জড়িত। গ্রেপ্তার দুজন বর্তমানে রংপুর কারাগারে আছেন। এ জন্য তাঁদের ভোলার আদালতের আয়ত্তে আনার জন্য (পিডব্লিউ ইস্যু) আবেদন করা হয়েছে। ভোলার আদালতের আয়ত্তে এলে গ্রেপ্তার ব্যক্তিদের সেখানে হাজির করে রিমান্ড চাওয়া হবে।