ফেসবুক পোস্টে বন্ধ হলো বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে দেওয়া একটা পোস্টে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী। গতকাল শুক্রবার সকালে মেয়েটির বাড়িতে গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুক পাতায় এক ব্যক্তি ওই ছাত্রীর বাল্যবিবাহের তথ্য জানিয়ে একটা পোস্ট দেন। তাতে উল্লেখ করা হয়, ‘কুমারখালীতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আজ (বৃহস্পতিবার) গায়েহলুদ। এলাকার ফজু মাঝির ছেলে নাজমুলের সঙ্গে আগামীকাল শুক্রবার বিয়ে অনুষ্ঠিত হবে। যে বয়সে বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে বাল্যবিয়ে হচ্ছে, এমন কথা ভাবতেই পারছে না মেয়েটি ও তার সহপাঠীরা। এসব নিয়ে তাদের পরিবারকে অনেক বোঝানো হলেও তারা বিয়ের ব্যাপারে কঠিন অবস্থায় রয়েছে বলে জানা গেছে। আশা করি, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুত্বসহকারে দেখবেন।’

এই পোস্ট পাওয়ার পর কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন তাৎক্ষণিক কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তারকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জানতে চাইলে কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল ইসলাম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সকাল ১০টার দিকে নিজে মেয়েটির বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পাই রবযাত্রীদের খাবারের জন্য রান্না হয়ে গেছে। গেট সাজানো হয়েছে। বাল্যবিয়ে বন্ধ করার জন্য মেয়েটির বাবাসহ পরিবারের সদস্যদের অনুরোধ করা হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা রাজি হয়।’

ইউপি চেয়ারম্যান বলেন, ইউএনও শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাল্যবিবাহের বিষয়টি তাঁকে জানান।

এ ব্যাপারে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।