ফেসবুকে অভিযোগ পেয়ে ব্যবস্থা
ফেসবুকে পাওয়া অভিযোগ যাচাই করে সত্যতা পেয়ে ব্যবস্থা নিল বাগেরহাট জেলা প্রশাসন। সড়কপথে বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত সাতটি যাত্রীবাহী বাসের মালিককে সত্তর হাজার টাকা জরিমানা করেছেন।
আজ সোমবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ফকিরহাট বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নির্দেশে অভিযান পরিচালনা করেন বাগেরহাটের নির্বাহী হাকিম এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী সিদ্দিকী ও মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।
নির্বাহী হাকিম এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, ঈদের পর বাগেরহাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনে অতিরিক্ত যাত্রীবোঝাই এবং বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে উল্লেখ করে ফেসবুকে সালাম মৃধা নামের এক ব্যক্তি জেলা প্রশাসনকে একটি অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে বাগেরহাট সদর ও ফকিরহাট বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি বলেন, বিভিন্ন পরিবহন কাউন্টারের রেজিস্ট্রার খাতা এবং উপস্থিত যাত্রীদের কাছে থাকা টিকিট পর্যবেক্ষণ করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পেয়ে মোট সাতটি দূরপাল্লার পরিবহন ও আঞ্চলিক বাসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সাধারণ মানুষের যাতায়াতব্যবস্থা নির্বিঘ্ন করতে এবং যাত্রীসেবার নামে হয়রানি বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জানতে চাইলে বাগেরহাট আন্তজেলা বাস–মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয় বিভিন্ন রুটে চলাচলকারী আমাদের সমিতির কোনো বাস এ ধরনের বাড়তি ভাড়া আদায় করছে বলে জানি না। আমাদের সমিতির কোনো গাড়ি যাতে এ ধরনের কাজ না করে, সেটা দেখা হবে। তবে দূরপাল্লার বাসগুলোর সমিতি ভিন্ন। তারা ঢাকা থেকে সিদ্ধান্ত দেয়। তাদের বিষয়ে আমার জানা নেই।’