ফেসবুকে আপত্তিকর মন্তব্য, ইমাম বরখাস্ত
জঙ্গিবাদবিরোধী খুতবার বিষয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে খাগড়াছড়ির দীঘিনালার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জামালুল হাসান ১৪ জুলাই তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো জঙ্গিবাদবিরোধী খুতবা নিয়ে লেখেন, ‘খুতবা পেয়ে গেলাম, কিন্তু মানিটা (টাকা) তো পাইলাম না।’ এর আগেও তিনি প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। ফলে মসজিদের পরিচালনা কমিটি জরুরি সভা করে গত বুধবার ইমাম জামালুলকে সাময়িক বরখাস্ত করে। এর আগে মঙ্গলবার তাঁকে এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিন দিনের মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এদিকে জামালুলের ব্যাপারে বুধবার দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে বলে জানান ওসি।
অভিযোগের বিষয়ে ইমাম জামালুল হাসান বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ সরকারবিরোধী বিভিন্ন স্ট্যাটাসের বিষয়ে তিনি বলেন, ‘ওগুলো আমি দিইনি। আমার আইডি হ্যাক করে কে বা কারা দিয়েছে জানি না।’ তবে জঙ্গিবাদবিরোধী খুতবা নিয়ে স্ট্যাটাস দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি হাসাহাসির জন্য এটি দিয়েছি।’
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ইমাম জামালুল হাসানের বিভিন্ন অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।