ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি ব্যবহার করে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের লাইন সভাপতি মনিরুল ইসলামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।
গত শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামের স্ত্রী সাহানা ইসলাম এ মামলা করেন।
এ ব্যাপারে সাহানা ইসলাম গতকাল রোববার বলেন, গত ১৭ মার্চ টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর কবরে ফুল দিতে গিয়ে কিছু ছবি তোলা হয়েছিল, যা তিনি তাঁর ফেসবুকে আপলোড করেছিলেন। ২১ জুলাই বৃহস্পতিবার মনিরুল ইসলাম তাঁর ফেসবুকে ওই ছবিগুলো আপলোড করে বিকৃত মন্তব্য করে স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে কয়েকজন আপত্তিকর মন্তব্য করেন, যা মহিলা লীগের নেতা-কর্মীদের সম্মানে আঘাত লাগে। বিষয়টি নজরে আসার পর শনিবার বিকেল চারটায় গাংনী থানায় হাজির হয়ে মনিরুল ইসলামকে আসামি করে মামলা করা হয় এবং বিষয়টি জেলা প্রশাসক ও এসপি কাছে লিখিতভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে মনিরুল ইসলাম দাবি করেন, তিনি এ কাজের সঙ্গে জড়িত নন। অন্য কেউ হয়তো তাঁর আইডি ব্যবহার করে এ ধরনের কাজ করেছেন।