ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদের স্ত্রীর ছবি বিকৃত করে তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসনুভা রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে শহরের কানাইখালী এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাটোর থানা সূত্রে জানা যায়, নাটোর পৌর যুবলীগের আহ্বায়ক সাইম হোসেন বাদী হয়ে শনিবার নাটোর সদর থানায় তাসনুভা রহমানের বিরুদ্ধে মামলা করেন।
তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা ওই মামলায় তাঁর বিরুদ্ধে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলামের স্ত্রীর ছবি বিকৃত করে তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযোগ করা হয়েছে। এই মামলায় ওই শিক্ষককে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তাসনুভা রহমানের আইনজীবী সৈয়দ মোজাম্মেল হোসেন বলেন, তাসনুভার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়।
সাইম হোসেন বলেন, আসামির কার্যকলাপে তাঁর দলের নেতার পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।