ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন বিষয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ বি এম সাইফুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জেহাদ পারভেজ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। ২৩ নভেম্বর আদেশটিতে স্বাক্ষর করেন তিনি।
অফিস আদেশে উল্লেখ করা অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম তাঁর ফেসবুক থেকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, জাতীয় শোক দিবসকে তাচ্ছিল্য করে অবমাননাকর স্ট্যাটাস ও ছবি দিয়েছেন। ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আচরণ ও শৃঙ্খলাবিধি অনুযায়ী এই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
রেজিস্ট্রার অধ্যাপক জেহাদ পারভেজ বরখাস্তের বিষয় নিশ্চিত করে বলেন, শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। প্রায় দুই বছর আগে এই অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।