বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শেষ হয়নি। এরই মধ্যে নিয়ম ভেঙে ইংরেজি পরীক্ষার উত্তরপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। উত্তরপত্র গোপনীয় বিষয়। এটা ফেসবুকে দেওয়া অপরাধ বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
দুই দিন ধরে ফেসবুকের একটি পেজে উত্তরপত্রটি দেখা যাচ্ছে। সেখান থেকে ছড়িয়ে পড়েছে সর্বত্র।
গত বৃহস্পতিবার প্রথম আলো ছবিগুলো ফেসবুকের ওই পেজ থেকে সংগ্রহ করেছে। ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে বরিশাল শিক্ষা বোর্ডের লোগোসহ ইংরেজি প্রথম পত্র উত্তরপত্রের মূল অংশ ছাড়াও ভেতরের কয়েকটি পাতাও রয়েছে। পরীক্ষক উত্তরপত্রটি মূল্যায়ন করে ১৮ নম্বর দিয়েছেন। যা উত্তরপত্রের ওপরের দিকে রয়েছে।
উত্তরপত্রে লেখা আছে, ‘স্যার, আপনার মেয়ে মনে করে পাস করিয়ে দিয়েন। আমরা অনেক গরিব, ফেল করলে বাবা স্ট্রোক করে মারা যাবেন। আমার বাবা অসুস্থ তাই, প্রাইভেট পড়তে পারিনি। যদি ফেল করি, তাহলে আর পড়াবে না।’
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ২ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তবে কখনো পরীক্ষার উত্তরপত্র সবার জন্য উন্মুক্ত করা হয় না। উত্তরপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা বিষয়টি শুনেছি। কে বা কারা করেছে, কিছুই জানা যায়নি। সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।’
এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, সব পাবলিক পরীক্ষার উত্তরপত্র গোপনীয় থাকবে। এটাই নিয়ম। যে উত্তরপত্রটি ফেসবুকে দেওয়া হয়েছে, সেটা বরিশাল শিক্ষা বোর্ডের কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যে বা যিনি ওই উত্তরপত্র ফেসবুকে দিয়েছেন, তিনি অপরাধ করেছেন। এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের সব পরীক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। ওই ধরনের খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে বোর্ডকে জানাতে। এই অপরাধ যিনি করেছেন, তাঁকে খুঁজে বের করে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।