ফেসবুকে কটূক্তি, যুবদল নেতা গ্রেপ্তার
বাংলাদেশ আওয়ামী লীগ ও বিচারকদের নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবদলের সহসভাপতি জাকির হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
সরাইলের শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল রোববার রাতে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শাহবাজপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে।
জাকির হোসেনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকির গতকাল রাতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে ফেসবুকের নিজস্ব আইডিতে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেন ও কুৎসিত ভাষায় পোস্ট লেখেন। এ ছাড়া তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার মামলার রায় দেওয়া বিচারককে নিয়েও কটূক্তি করেন। ফেসবুকের ওই পোস্টটি ছড়িয়ে পড়লে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা বিষয়টি সরাইল থানার পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় শাহবাজপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. আবদুল আলীম গতকাল রাতেই জাকিরকে ৫৪ ধারায় গ্রেপ্তার করেন। শাহবাজপুর পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমীন আহম্মদ আজ সোমবার দুপুরে বাদী হয়ে এ ব্যাপারে সরাইল থানায় একটি মামলা করেছেন।
সরাইল থানা হাজতে থাকা জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। ২২ জুলাই সন্ধ্যায় আমার ফোনটি একটি দোকানে চার্জ করতে দিয়েছিলাম। সেখানে কে বা কারা আমার ফোনটি ব্যবহার করে আওয়ামী লীগ ও বিচারক সম্পর্কে নানা কথা লিখেছে। এ লেখাগুলো আমার নয়।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার সকালে জাকির হোসেনকে আদালতে পাঠানো হবে।