ফেসবুকে কলেজ শিক্ষকদের হত্যার হুমকি

কলেজে বোরকা নিষিদ্ধ করা হয়েছে, এমন অভিযোগ তুলে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। কথিত একটি জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামে ফেসবুকে এ হুমকি দেওয়া হয়েছে বলে শিক্ষকেরা জানিয়েছেন।
‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামে ফেসবুকে একটি পাতা খুলে ওই হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলামকে হত্যার দায় ফেসবুকের যে পাতায় স্বীকার করা হয়েছিল, সেটির নামও ছিল ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’।
সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামের ফেসবুক পাতাটি মঙ্গলবার খোলা হয়। এর একদিন পর বুধবার সকালে সেখানে ‘নেক্সট টার্গেট....বগুড়া সরকারি মহিলা কলেজ শিক্ষক’ লিখে একটি বার্তা দেওয়া হয়। এতে দাবি করা হয়, কলেজটিতে গত সেপ্টেম্বরে বোরকা নিষিদ্ধ করা হয়েছে, যার শাস্তি মৃত্যু। শিক্ষকদের হুমকি দিয়ে সেখানে বলা হয়, ‘ইসলামবিরোধী সকল নাস্তিক-মুরতাদ সাবধান!’। তবে হুমকিতে সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি।
শিক্ষকেরা জানান, বিষয়টি আজ বৃহস্পতিবার নজরে আসার পর তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা কলেজের অধ্যক্ষ নাসিমা আখতার জাহানকে বিষয়টি জানিয়েছেন।
অধ্যক্ষ নাসিমা আখতার জাহান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি পর্যবেক্ষণ করছি। সে রকম কিছু মনে হলে প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানাব।’ কলেজে বোরখা নিষিদ্ধ করা হয়নি জানিয়ে অধ্যক্ষ বলেন, ‘কলেজের ছাত্রীদের নির্ধারিত রঙের (সাদা) পোশাক পরে আসা বাধ্যতামূলক। যে কেউ বোরকা পরতে পারে, তবে তা কলেজের পোশাকের নির্ধারিত রঙের সঙ্গে মিল রেখে বানাতে ছাত্রীদের মৌখিক নির্দেশ দেওয়া রয়েছে। বোরকা নিষিদ্ধের অভিযোগ কলেজের বিরুদ্ধে রীতিমতো অপপ্রচার।’
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, শিক্ষকদের এ ধরনের হুমকি দেওয়া হয়ে থাকলে, অপরাধীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।