ফেসবুকে পরিচয়ের পর...
একজন সপ্তম শ্রেণিতে পড়ে। অন্য দুজন পড়ে অষ্টম শ্রেণিতে। ফেসবুকে তাদের সঙ্গে শাকিব খান নামের এক তরুণের পরিচয় হয়। এই সূত্রে তিন ছাত্রী তাঁর সঙ্গে দেখা করতে এলে তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
পুলিশ বলছে, অপহরণের তিন দিন পর চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থেকে একজনকে আর বাকি দুজনকে সুনামগঞ্জ থেকে আজ মঙ্গলবার উদ্ধার করা হয়। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। তাঁরা হলেন শাকিব খান (১৮), তাঁর মা আজিমা খাতুন, ভাই মো. সম্রাট, দুই বন্ধু মো. সুজন ও নাইম হোসেন।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, তিন ছাত্রী পরিবারের সঙ্গে পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় থাকে। সেখানে শাকিব খানও থাকেন। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ১ সেপ্টেম্বর তিন ছাত্রী দেখা করতে আসে। ওই সময় তাদের ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এক ছাত্রীর বাবা পতেঙ্গা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন ছাত্রীকে উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করে। ছাত্রীদের ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।