ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, ৩ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর (৪৫) বিরুদ্ধে তিন জেলায় মামলা হয়েছে।

চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বালিয়াদী গ্রামে।

ঢাকার বাইরে আমাদের অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুড়িগ্রাম : কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিমের আদালতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইনে ইরাদ আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে তা এজাহার হিসেবে নেওয়ার আদেশ দিয়ে কুড়িগ্রাম সদর থানায় পাঠান।
মামলার বাদী আইনজীবী মো. খোরশেদ আলম জানান, আসামি চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে ব্যঙ্গচিত্র পোস্ট করেছেন ফেসবুকে। বঙ্গবন্ধুর বাবাকে নিয়েও বিদ্রূপ করেছেন তিনি।

কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি এস এম আব্রাহাম লিংকন বলেন, মামলার এজাহার বিশ্লেষণ করলে দেখা যায়, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইনে অপরাধের উপাদানের পাশাপাশি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। মামলায় আসামিকে গ্রেপ্তার ও তদন্তের সুযোগ রয়েছে। তদন্তে রাষ্ট্রবিরোধী উপাদান পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে পুলিশ।

জামালপুর : জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ বাদী হয়ে আজ জামালপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইনে ইরাদ আহমেদের বিরুদ্ধে মামলা করেন। আদালতের বিচারক মো.ওয়াহিদুজ্জামান মামলাটি গ্রহণ করেছেন।

টাঙ্গাইল : চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী এস আকবর খান জানান, টাঙ্গাইলের অতিরিক্ত বিচারিক হাকিম আবদুল্লাহ আল মাসুম মামলাটি গ্রহণ করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন।