ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে সজীব ইসলাম নামের এক কিশোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম তথ্যপ্রযুক্তি আইনে গতকাল মঙ্গলবার মামলাটি দায়ের করেন।
এসআই আবদুস সালাম বলেন, সজীব ইসলাম তার নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করে। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের নজরে এলে তাঁরা পোস্ট করা ছবিটি প্রিন্ট করে শাহজাদপুর থানায় অভিযোগ দেন। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মামলাটি দায়ের করা হয়। সজীব শাহজাদপুর পৌর মেয়র ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. নজরুল ইসলামের ছেলে।
সজীবের বাবা মো. নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেকে ফাঁসানোর জন্য কেউ এমন ছবি তার ফেসবুকে জুড়ে দিয়েছে। আমার ছেলে এসব কিছুই জানে না।’
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে সজীবের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলছে। বর্তমানে সে পলাতক রয়েছে।