ফেসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ৬
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর ডেমরা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: রায়হান চৌধুরী ওরফে ড্যান ব্রাউন, আবদুল মজিদ, আরেফীন রাব্বী, অভি আবদুল্লাহ ও রাহুল মিয়া। ডিবি বলেছে, প্রশ্ন ফাঁসের মূল পরিকল্পনাকারী রায়হান। আবদুল মজিদ ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজ ম্যানেজিং কমিটিরসদস্য ও পরিচালনা বোর্ডের সহকারী পরিচালক।
উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে এই ছয়জনকে আটকের কথা জানাতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, ডিবির সাইবার অপরাধ দমন দল (অনলাইন ও ইন্টারনেট) কয়েক দিন ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রশ্ন ফাঁস করা চক্রের সন্ধান পায়। গত মে মাসে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা চলাকালে ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজে সংশ্লিষ্ট শিক্ষকেরা গণিত পরীক্ষার দিন ভল্ট থেকে প্রশ্নপত্র নিয়ে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত পরীক্ষার্থীদের হলরুমে একত্র করে প্রশ্নের সমাধান করেন। তখন ওই কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল মজিদ প্রশ্নপত্রের ছবি তুলে ফোনের মাধ্যমে চক্রের মূল পরিকল্পনাকারী রায়হানকে সরবরাহ করেন। রায়হান তাৎক্ষণিক-ভাবে তা ফেসবুকের ইনবক্সে দেন। প্রশ্ন নিতে আগ্রহীদের প্রত্যেকের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়। রায়হানের লোকজন টাকা দেওয়া ব্যক্তিদের প্রশ্ন দেন। ওই টাকা পরে চক্রের সদস্যরা ভাগাভাগি করে।
ডিবির এই যুগ্ম কমিশনার বলেন, সম্প্রতি ১৫ জন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে প্রশ্ন ফাঁসের চক্রের সন্ধান পাওয়া গেছে। এতে গোলাম মোস্তফা মডেল কলেজের কয়েকজন শিক্ষকের নাম পাওয়া গেছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডেমরা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা হয়েছে।