ফেসবুকে বঙ্গবন্ধুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে মো. রায়হান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে উপজেলার চররমিজ ইউনিয়নের টুমচর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের আবুল হাসেমের ছেলে।
রামগতি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মো. রায়হান নামের ওই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল বিষয়টি থানা-পুলিশকে জানালে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। এ ঘটনায় মেজবাহ উদ্দিন হেলাল বাদী হয়ে বুধবার বিকেলে রামগতি থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইন উদ্দিন জানান, মেজবাহ উদ্দিন হেলাল বাদী হয়ে মো. রায়হানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেছেন। রায়হানকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।