ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে ভুয়া প্রশ্ন পত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত অভিযোগে এক তরুণকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল। আজ রোববার বেলা একটার দিকে তাঁকে আটক করা হয়।

আটক তরুণের নাম নির্মল রায় (১৮)। তিনি জেলার খানসামা উপজেলার টাংগুয়া (বৈরাগীপাড়া) গ্রামের উপনায়ন রায়ের ছেলে।

র‌্যাব দিনাজপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব প্রথম আলোকে বলেন, নির্মল বহুদিন ধরে ফেসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ পাওয়ার পরই নির্মলকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে নির্মলকে খানসামা থানায় সোপর্দ করা হবে বলে মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান।