ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় দৈনিক দিনকাল-এর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলামকে (৪৫) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযোগে স্থানীয় দুই সাংবাদিকের কম্পিউটার জব্দ করা হয়েছে।
আমিরুল উপজেলা শহরের গিরিধারীপুর এলাকার মজনু কেরানির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিরুল ও বাংলাদেশ সময়-এর পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি ফেরদৌস মিয়া তাঁদের ফেসবুক পেজে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামিকুল ইসলামের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। মন্তব্যে বলা হয়, শামিকুলের স্ত্রী জামায়াতের রোকন। তিনি জামায়াতের সহযোগিতা নিয়ে পেশিশক্তি ব্যবহার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান। এ জন্য শামিকুল তিনটি উপজেলার জামায়াত নেতাদের নিয়ে গোপন বৈঠক করেন। তবে অন্য আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঘেরাও করলে বৈঠকটি পণ্ড হয়। ফেসবুকে ওই মন্তব্যের বিষয়টি জানতে পেরে শামিকুল বাদী হয়ে গত সোমবার বিকেলে আমিরুল ও ফেরদৌসকে আসামি করে থানায় একটি মামলা করেন। মিথ্যা তথ্য পরিবেশনের অভিযোগ এনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তিনি ওই মামলাটি করেন। পরে গিরিধারীপুর এলাকা থেকে গতকাল ভোর চারটার দিকে আমিরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
জানতে চাইলে শামিকুল ইসলাম বলেন, ‘২৫ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল। আমি এবার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন ও আমাকে হারানোর জন্য আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দ্বারা প্রভাবিত হয়ে সাংবাদিকেরা ওই ঘটনা ঘটান। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গ্রেপ্তার করা আমিরুলের স্বীকারোক্তি অনুযায়ী পলাশবাড়ী উপজেলার আরও দুই সাংবাদিকের কম্পিউটার জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে আমিরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর সাংবাদিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।