ফেসবুকে সাংসদ ও তাঁর স্বামীকে কটূক্তি, গ্রেপ্তার ১
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেত্রকোনা-৪ আসনের সাংসদ রেবেকা মোমেন এবং তাঁর স্বামী সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেনকে নিয়ে কটূক্তি করার ঘটনায় গত শুক্রবার রাত দুইটার দিকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম রুকুনুজ্জমান শাহীন (৩৩)। তিনি জেলার খালিয়াজুরি উপজেলার রানিচাপুর গ্রামের বিএনপির নেতা আবদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রুকুনুজ্জমানের ছোট ভাই রহুল আমিন ওরফে রুবেল (২৩) তাঁর ফেসবুক আইডি থেকে একটি পোস্টে সাংসদ রেবেকা ও আব্দুল মোমেনকে রাজাকার বলে গালি দেন। এ অভিযোগে খালিয়াজুরি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের করেন। পুলিশের অভিযানকালে রুবেলকে পালাতে সহায়তা করায় তাঁর বড় ভাই রুকুনুজ্জমানকে উপজেলার লেপসিয়া বাজারের একটি ওষুধের দোকান থেকে আটক করা হয়।
খালিয়াজুরি থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রহুল আমিনকে পালাতে সহায়তা করায় তাঁর বড় ভাই শাহীনকে গ্রেপ্তার করে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। রুহুলকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।