ফেসবুকে 'জিহাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান', গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে ‘জিহাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান’ জানানোর অভিযোগে সিলেটের বিয়ানীবাজারে জাহেদ আহমদ ওরফে মুরাদ (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুরাদকে গতকাল শুক্রবার মধ্যরাতে বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়ীপাড়ায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে মুরাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবের আহমদ বলেন, মুরাদ দীর্ঘদিন থেকে তাঁর ফেসবুক পেজে রাষ্ট্র, সরকার ও ধর্মীয় বিষয় নিয়ে উসকানিমূলক মন্তব্য করে আসছিলেন। সম্প্রতি মুরাদ ‘জিহাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান’ জানিয়ে একাধিক মন্তব্য করেন। এ রকম অন্তত ৫০টি মন্তব্য সংগ্রহ করে শুক্রবার রাত একটার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। মুরাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে বলে ওসি জানান।
মুরাদ বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার ছাত্র বলে পুলিশকে জানালেও ওই মাদ্রাসার শিক্ষক আবু ইউসুফ সাংবাদিকদের বলেন, প্রায় তিন বছর আগে মুরাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।