ফেসবুকে 'লাইক' দেওয়ায় ছাত্রলীগ নেতাকে পিটুনি
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিগত কমিটির এক নেতাকে নতুন কমিটির বেশ কয়েকজন নেতা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
ওই নেতার নাম জিয়াউল হুদা। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিগত কমিটির সোহরাওয়ার্দী হল ইউনিটের সহসভাপতি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জিয়াউল ময়মনসিংহে যাওয়ার উদ্দেশে ক্যাম্পাসের জব্বার মোড়ে আসেন। এই সময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক মনিরুল হাসান, সহসভাপতি নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ তাঁকে চড়-থাপড় মারতে থাকেন।
জিয়াউল হুদা অভিযোগ করেন, বিশ্ববিদ্যায়ের এক ছাত্রলীগ নেতা হত্যা মামলার এজাহারে নতুন কমিটির ছয় নেতার নাম আসায় কেন্দ্রীয় কমিটি তাঁদের অব্যাহতি দেয়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছাত্রলীগের ছয় নেতাকে অব্যাহতি দেওয়ার ওই প্রতিবেদনে ‘লাইক’ দেওয়ায় তাঁকে ছাত্রলীগের নতুন কমিটির নেতারা পিটিয়েছেন। তবে মনিরুল ও নাজমুল তাঁকে পেটানোর কথা অস্বীকার করেন।