ফেসবুকের মাধ্যমে জঙ্গি অর্থায়নের অভিযোগ, গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জিলা স্কুলের সামনে থেকে পুলিশ গত শুক্রবার জঙ্গি সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তাঁরা ফেসবুকে ‘বন্ধু ফান্ড (বায়তুল মাল)’ নামে একটি গ্রুপ খুলে তহবিল সংগ্রহ করতেন, যা জঙ্গি অর্থায়নে ব্যবহার করা হতো। তবে স্বজনেরা বলছেন, তাঁরা কোনো জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন না।
জঙ্গি ও সন্ত্রাসীদের দমনে সারা দেশে পুলিশের ‘সাঁড়াশি অভিযানে’ গত দুই দিনে বগুড়ায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শুক্রবার গ্রেপ্তার হওয়া ওই ১১ জন হলেন শহরের মালতিনগরের সাদ্দাম হোসেন (২৬), দুই সহোদর সানাউজ্জামান (২৫) ও সালমান কবির (২২), মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকার মোহাম্মদ সাদ্দাম হোসেন (২৪), সদরের পূর্ব পালসা গ্রামের সাইফুল ইসলাম (২৪), বজরুকবাড়িয়া গ্রামের ফারুক হোসেন (৩৪), লতিফপুর কলোনির আজিজুর রহমান (২৬) ও সোহাগ (২১), চকলোকমান এলাকার আবদুল আজিজ (২৬), সুলতানগঞ্জপাড়ার আমিনুল ইসলাম (৩২) ও বিপ্লব (২৪)। সন্ত্রাস দমন আইনে করা মামলায় তাঁদের গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
সানাউজ্জামান ও সালমানের বাবা মমদেল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজশাহী গোয়েন্দা শাখার গাড়িচালক। এ দুই ভাইয়ের মা লাভলি বেগমের দাবি, সানাউজ্জামান ও সালমান বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ইংরেজি ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান শ্রেণিতে পড়াশোনা করেন। তাঁদের এক বন্ধুর মা ক্যানসারে আক্রান্ত হলে তহবিল সংগ্রহের জন্য ফেসবুকে ওই গ্রুপটি খোলেন তাঁরা। ওই বন্ধুর মা মারা গেলে গত শুক্রবার জিলা স্কুল মাঠে তাঁর জানাজায় অংশ নেওয়ার উদ্দেশে তাঁরা শহীদ খোকন পার্কে একত্রিত হন। অথচ পুলিশ তাঁদের জঙ্গি বলে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আছলাম আলী প্রথম আলোকে বলেন, ‘পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল, ইসলামী ছাত্রশিবির থেকে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়া একটি সংগঠনের ১১ জন সদস্য শহরের একটি পার্কে গোপন বৈঠক করছে। এ তথ্যের ভিত্তিতেই ওই ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সানাউজ্জামান, সালমান, সাদ্দাম হোসেন ও তাঁদের পরিবারের সবাইকে ব্যক্তিগতভাবে চেনেন বলে জানিয়েছেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘তিনটা ছেলেই নিরীহ। পুলিশকে অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো কথা আমলে না নিয়ে তাঁদের বিরুদ্ধে জঙ্গি মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। জঙ্গি দমন অভিযানের নামে পুলিশ এমন নিরীহ ছেলেদের গ্রেপ্তার করলে এই অভিযান প্রশ্নবিদ্ধ হবে।’
ওই ১১ জন ছাড়াও গতকাল বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর মধ্যে সদর উপজেলা থেকে ২৬ জন, শিবগঞ্জে সাতজন, সোনাতলায় চারজন, গাবতলীতে পাঁচজন, সারিয়াকান্দিতে চারজন, শেরপুরে আটজন, ধুনটে দুজন, নন্দীগ্রামে সাতজন, কাহালুতে সাতজন, আদমদীঘিতে চারজন, দুপচাঁচিয়ায় ছয়জন, শাজাহানপুরে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তিনজনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।