ফেস্টুনে ঢাকা পড়েছে বীরশ্রেষ্ঠ স্কয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নেতাদের বাহারি ফেস্টুন ও ব্যানারে ঢাকা পড়েছে শহরের সাতমাথার গোল চত্বরের বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য। আগামী ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে আওয়ামী লীগের কয়েকজন নেতা নিজেদের ছবিসহ জাতীয় নেতাদের বড় বড় ছবি দিয়ে প্রচারণা চালাতে গিয়ে সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ার দখল করে ‘ডিজিটাল ফেস্টুন’ টানিয়েছেন। এসব ফেস্টুনে আড়াল হয়ে গেছে গোল চত্বরের মাঝখানে স্থাপিত বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য।
বগুড়া পৌর কর্তৃপক্ষ সূত্র জানায়, শহরের সৌন্দর্যবর্ধন ও একাত্তরের স্বাধীনতা যুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠের আত্মত্যাগ স্মরণে সাতমাথা গোলচত্বরে এই ভাস্কর্য স্থাপন করা হয়। পৌরসভার অনুমতি না নিয়ে গোলচত্বরে যেকোনো ধরনের ফেস্টুন, বিলবোর্ড ও ব্যানার স্থাপন আইনগতভাবে অবৈধ।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের পক্ষ থেকে টানানো বাহারি ডিজিটাল ফেস্টুনে নিজের ছবি ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খানের পক্ষ থেকে টানানো ফেস্টুনে ওই দুই নেতা ছাড়াও সজীব ওয়াজেদ জয় ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদের ছবি রয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ছবিসহ বড় বড় ফেস্টুন সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ারের চারদিক ঘিরে টানিয়ে দেওয়ায় আড়ালে পড়েছে মাঝখানের সাতজন বীরশ্রেষ্ঠর ভাস্কর্য।
বগুড়া শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান বলেন, সাতমাথার এই গোল চত্বরকে ঘিরে বছরজুড়েই বিএনপির দলীয় প্রচারণা চালানো হয়। পৌরসভার সেটা চোখে পড়ে না। দীর্ঘদিন পর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য এক মাস আগে বর্ণিল সাজে শহরকে সাজানো হচ্ছে নানা পরিকল্পনায়। শহর সাজানোর জন্যই সাতমাথায় এই ফেস্টুন টানানো হয়েছে। সম্মেলন শেষ হওয়ার পরদিনই এসব ফেস্টুন নিজ দায়িত্বে খুলে নেওয়া হবে।
বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক তৌফিক হাসান বলেন, পৌরসভার দ্বৈতনীতির কারণেই শহরের সাতমাথার মুক্তিযুদ্ধের ভাস্কর্যের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। শহরের অবৈধ বিলবোর্ড ও ফেস্টুন অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এই ভাস্কর্যের চারদিক থেকে নানা পণ্যের ও প্রতিষ্ঠানের বিলবোর্ড ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়। কিন্তু রাজনৈতিক দলের ও নেতাদের বিলবোর্ড ও ফেস্টুনে হাত দেওয়া হয় না। এসব রাজনৈতিক বিলবোর্ড ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ফলে সারা বছরই এই ভাস্কর্য রাজনৈতিক দলের নেতাদের দখলে থেকে যায়। এতে মুক্তিযুদ্ধের পবিত্রতা নষ্ট হয় এবং শহীদদের আত্মত্যাগের অমর্যাদা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাই এই ভাস্কর্য দখলমুক্ত চান।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, শহরে যেকোনো ধরনের বিলবোর্ড স্থাপন বা এ ধরনের প্রচারণা চালাতে পৌরসভার অনুমতি প্রয়োজন। কোনো রাজনৈতিক দলের নেতাই পৌরসভার অনুমতির ধার ধারেন না। সাতমাথার ভাস্কর্য ঘিরে লাগানো অবৈধ বিলবোর্ড ও ফেস্টুন কয়েক দিন আগেই অপসারণ করা হয়। কিন্তু দুদিন না যেতেই তা দখল করে আওয়ামী লীগের নেতারা ফেস্টুনে প্রচারণা চালাচ্ছেন। ক্ষমতাসীন দল হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম জানান, আগামী ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।