ফোর স্ট্রোকের ছদ্মবেশে চলছে নিষিদ্ধ টু স্ট্রোক অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে থেকে দেখে চেনার উপায় নেই। দেখে মনে হবে ফোর স্ট্রোক সিএনজিচালিত অটোরিকশা। সেভাবেই সবুজ রং করা হয়েছে চারপাশে। আর এভাবে ফোর স্ট্রোক সিএনজিচালিত অটোরিকশার ছদ্মবেশে চট্টগ্রাম নগরের সিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) এবং কেইপিজেড (কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) এলাকায় অবাধে চলছে প্রায় দেড় শ নিষিদ্ধ টু স্ট্রোক অটোরিকশা। আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে মাসোহারা দিয়ে বৈধ কাগজপত্র ছাড়া এসব যান রাস্তায় চলার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি অনুসন্ধান করে দেখছি। এ ধরনের নিষিদ্ধ যান চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবেশ দূষণের কারণে তিন চাকার টু স্ট্রোক (‘বেবিট্যাক্সি’ নামে পরিচিত) অটোরিকশা শহর থেকে তুলে নেওয়া হয় এবং চলাচল নিষিদ্ধ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অথচ এসব যানবাহন প্রতিদিনই পরিবেশ দূষণ এবং যানজট বাড়িয়ে নগর জীবনের সুস্থ পরিবেশ বিনষ্ট করে চলেছে।
এ প্রসঙ্গে বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (প্রকৌশল) মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, পরিবেশ দূষণের কারণে টু স্ট্রোক অটোরিকশা দেশের সব শহরে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কাজেই এখনো কোথাও কেউ চালু রাখলে নিঃসন্দেহে তা অবৈধ। কাগজপত্রবিহীন এসব টু স্ট্রোকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের সব ধারা অনুযায়ীই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
নগরের সিইপিজেড এবং কেইপিজেড এলাকায় নিয়মিত চলাচল করছে টু স্ট্রোক অটোরিকশা। দুই রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এলাকায় রয়েছে এদের অলিখিত স্ট্যান্ড। সেখান থেকে যাত্রী নিয়ে মূল সড়কের আশপাশের এলাকায় এবং প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের ভেতরের বিভিন্ন শিল্পকারখানায় যাতায়াত করে।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে দুই ইপিজেড এলাকায় ১৩০টি টু স্ট্রোক অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে ১০০টি চলছে সিইপিজেড এবং ৩০টি কেইপিজেড এলাকায়। নিবন্ধনবিহীন সমিতির মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এসব যানবাহনের চলাচল। এর তালিকাভুক্ত হতে হলে প্রতিটি গাড়ির জন্য ১০ হাজার টাকা করে সদস্য ফি দিতে হয়। মাসিক ফি ৪০০ টাকা নির্ধারিত রয়েছে। এ ছাড়া দৈনিক ৫০ টাকা করে দিতে হয় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার খরচ হিসেবে।
সরেজমিনে সিইপিজেড এবং কেইপিজেড এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় অবাধে চলাচল করছে নিষিদ্ধ টু স্ট্রোক। ইপিজেড এলাকার মুখে এগুলো জড়ো হয়ে থাকার কারণে প্রায়ই এখানে যানজট বাধে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে ট্রাফিক পুলিশ সদস্যদের জানিয়েও তাঁরা কোনো প্রতিকার পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন টু স্ট্রোক চালক তাঁদের কোনো বৈধ কাগজপত্র নেই বলে স্বীকার করে বলেন, ‘আমাদের সমিতির পক্ষ থেকে নিয়মিত পুলিশকে টাকা দেওয়া হয়।’
এসব টু স্ট্রোক অটোরিকশাগুলো সিএনজিচালিত গ্যাস দিয়ে চলছে বলে জানান ওই চালক। এ ছাড়া কয়েকটি টু স্ট্রোককে ফোর স্ট্রোকে রূপান্তর করা হয়েছে বলে দাবি করেন তিনি।