ফোয়ারার পাশে যুবলীগ নেতার বিলবোর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগারপাস এলাকায় ফোয়ারার পাশে বিলবোর্ড স্থাপনের জন্য লোহার খুঁটি বসানো হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
টাইগারপাস এলাকায় ফোয়ারার পাশে বিলবোর্ড স্থাপনের জন্য লোহার খুঁটি বসানো হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের টাইগারপাস মোড়ে ফোয়ারার পাশে বিলবোর্ড স্থাপনে কেন্দ্রীয় যুবলীগের এক নেতাকে অনুমতি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিলবোর্ড স্থাপনের জন্য রাস্তার পাশে ইতিমধ্যে লোহার তিনটি বড় খুঁটিও বসানো হয়েছে।
নগর পরিকল্পনাবিদেরা বলেছেন, অপরিকল্পিতভাবে বিলবোর্ড স্থাপন করায় এমনিতেই চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। পাহাড়ঘেরা টাইগারপাস মোড় এলাকায় নতুন করে আরও একটি বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়ার সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত বলে মনে করছেন তাঁরা।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহীদুল হক ওরফে রাসেলকে ফোয়ারা ঘেঁষে বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যঘেরা এই এলাকায় বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন চিটাগাং আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশেন-এর সভাপতি ও নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘রাসেল অনুমতি নিয়েই এই বিলবোর্ড স্থাপন করছেন। কিন্তু এই রকম প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশঘেরা এলাকায় করপোরেশন বিলবোর্ড স্থাপনের অনুমতি কেন দিল? নগরের সৌন্দর্য রক্ষায় এই ধরনের জায়গায় বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া বন্ধ করা উচিত।’
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল বিকেলে শহীদুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
টাইগারপাস এলাকায় বিলবোর্ড স্থাপনের বিষয়ে বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ বলেন, এসব জায়গায় বিলবোর্ড স্থানের অনুমতি দেওয়া কোনোভাবেই উচিত নয়। এমনিতেই চট্টগ্রাম শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ সিদ্ধান্ত থেকে সিটি করপোরেশন কর্তৃপক্ষের সরে আসা উচিত।
যোগাযোগ করা হলে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বলেন, ‘টাইগারপাস মোড়ে বিলবোর্ড স্থাপনে অনুমোদনের বিষয়টি নিয়ে কিছু সমস্যা রয়েছে। নথিপত্র না দেখে এ মুহূর্তে কিছু বলতে পারছি না।’
২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে সৌন্দর্যবর্ধনের জন্য টাইগারপাস মোড়ে এ ফোয়ারা স্থাপন করা হয়েছিল। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এখন বিবর্ণ হয়ে পড়েছে ফোয়ারাটি।
এদিকে গতকাল বুধবার সিটি করপোরেশনের লোকজন বিলবোর্ড উচ্ছেদে টাইগারপাস এলাকায় যান। ওই সময় সেখানে স্থানীয় শতাধিক কিশোর-যুবক অবস্থান নেন। তাঁদের পক্ষ থেকে বিলবোর্ড স্থাপনে অনুমতির কাগজপত্র করপোরেশনের কর্মকর্তাদের দেখানো হয়। পরে করপোরেশনের লোকজন চলে যান।