ফোন পেয়ে বাড়ির বাইরে, চার দিন পর লাশ উদ্ধার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিখোঁজের চার দিন পর ডোবা থেকে আফজাল হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আফজাল হোসেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলের পাড় গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি কলেজে পড়াশোনার পাশাপাশি রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে মাস্টাররোলে অফিস সহকারীর চাকরি করতেন।
আজ মঙ্গলবার সকালে আফজালের লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার উমর মজিদ ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের একটি ডোবা থেকে আফজালের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় গতকাল বিকেলে মহিষমুড়ি গ্রামের ওই ডোবায় মাছ ধরার সময় স্থানীয় লোকজন এক যুবকের লাশ দেখে পুলিশে খবর দেন। পরে রাজারহাট থানা-পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত আফজালের পরিবার জানিয়েছে, আফজাল কলেজে পড়াশোনার পাশাপাশি রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে মাস্টাররোলে অফিস সহকারীর চাকরি করতেন। অফিসে সাত দিনের ছুটি নিয়ে ১ এপ্রিল সন্ধ্যায় রংপুর থেকে বাড়িতে বেড়াতে আসেন তিনি। ৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তাঁর মোবাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তির ফোন আসে। ফোনে কথা বলতে বলতে আফজাল বাড়ির বাইরে চলে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ও তাঁর ফোন বন্ধ। আফজালের কোনো খোঁজ না পেয়ে বাবা আইয়ুব আলী উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উলিপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবদুল্লাহ আল সাঈদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আফজালকে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে। আজ সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।