রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব আলম প্রদীপকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার দুপুরে হুমকি পাওয়ার পর সন্ধ্যায় তিনি নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।
মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘একটি নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়, ‘‘তোর জীবন শেষ, অনেক বেড়ে গেছিস, ওয়েট কর।” এরপর কে বলছেন জানতে চাইলে আবারও একই কথা বলে। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, তিনি মাহবুব আলমকে থানায় জিডি করতে বলেছেন। পাশাপাশি পুলিশকেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সন্ধ্যার দিকে মাহবুব আলম জিডি করেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।