ফ্রিজে পচা মাংস
বেইলি রোডে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টি রেস্তোরাঁকে বিভিন্ন অনিয়মের দায়ে ৬ লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে লিনচিন নামের একটি রেস্তোরাঁয় পচা মাংস রাখার দায়ে ওই রেস্তোরাঁর ব্যবস্থাপককে এক মাসের কারাদণ্ড দেন আদালত।
বেলা তিনটার দিকে র্যা ব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেইলি রোডে লিনচিন রেস্তোরাঁয় ঢুকে দেখতে পান একটি অকেজো ফ্রিজে প্রায় ৪০ কেজি মাংস রয়েছে। এর অধিকাংশই পচে গন্ধ বের হচ্ছে। তা ছাড়া বেশ কয়েকটি মাংসের পাত্রে কিছু মরা তেলাপোকা ও অন্যান্য পোকামাকড় রয়েছে। রেস্তোরাঁটিতে কয়েক দিন আগের চিকেন ফ্রাই বিক্রির জন্য ফ্রিজে রাখা হয়েছে। রেস্তোরাঁর ব্যবস্থাপক সবুজ মিয়া (২৬) নিজের অপরাধ স্বীকার করেন। এর দায়ে আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ওই রেস্তোরাঁর মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত রেডকোর্ট চায়নিজ রেস্তোরাঁয় ঢুকে দেখতে পান সেখানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাবার প্রক্রিয়াজাত করা হচ্ছে। এ অপরাধে ওই রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।