পাইলট তামান্নার পরিবারের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তামান্নার মা রেহানা ইয়াসমিন। পাশে বাবা আনিসুর রহমান l প্রথম আলো
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তামান্নার মা রেহানা ইয়াসমিন। পাশে বাবা আনিসুর রহমান l প্রথম আলো

বাংলাদেশ ফ্লাইং একাডেমির অবহেলার কারণেই প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্না রহমানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এ জন্য একাডেমির বিরুদ্ধে শিগগির মামলা করবেন তাঁরা। গতকাল সোমবার রাজশাহীতে সংবাদ সম্মেলনে তামান্নার বাবা-মা এসব কথা জানান।
রাজশাহীতে গত ১ এপ্রিল প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা আনিসুর রহমান ও মা রেহানা ইয়াসমিন গতকাল রাজশাহী নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তামান্নার বাবা লিখিত বক্তব্য পাঠ করেন। পরে মা-বাবা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী ফ্লাইং একাডেমি এবং সিভিল এভিয়েশনসহ যেকোনো বিমানবন্দরের রানওয়েতে ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন দুই মিনিটের মধ্যেই যাতে ব্যবস্থা নিতে পারে। কিন্তু তামান্নার দুর্ঘটনার দিন রাজশাহী হজরত শাহ মখদুম বিমানবন্দরে এ ধরনের কোনো ব্যবস্থাই ছিল না। দুর্ঘটনার ১০ মিনিট পর বিমানে আগুন ধরে। অথচ ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে যান ৩০ মিনিট পর।
তামান্নার বাবা-মা আরও অভিযোগ করেন, বাংলাদেশ ফ্লাইং একাডেমি তিন দশকের বেশি পুরোনো এয়ার ক্রাফট ও প্রায় ভাঙা বিমান দিয়ে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেয়। পুরোনো ইঞ্জিনের ওই বিমানের সিটবেল্ট, হুইল নষ্ট ছিল। তামান্নার মৃত্যুর জন্য তাঁর বাবা-মা বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে দায়ী করেন। তাঁরা বলেন, মনিরুজ্জামানের অবহেলায় পাঁচ বছরে পাঁচজন প্রশিক্ষণার্থীর মৃত্যু হয়েছে। একটি পত্রিকার গত বছরের এক প্রতিবেদনের উদাহরণ দিয়ে তাঁরা বলেন, মনিরুজ্জামান একসময় ওই প্রতিষ্ঠানের নিম্ন শ্রেণির কর্মচারী ছিলেন। এখন প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী।