ফ্ল্যাট নিয়ে বিরোধে সাংবাদিকসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ভাষানটেকের বদিউজ্জামান রোডে একটি নির্মাণাধীন বাসা নিয়ে বিরোধের ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন যমুনা টেলিভিশনের বার্তাকক্ষ সম্পাদক এনামুল হক, তাঁর ভাই আবদুল্লাহ আল মামুন ও তাঁদের আত্মীয় মেহেদী হাসান।
ভাষানটেক থানার পুলিশ জানায়, ভাষানটেকে এনামুলের শ্বশুর শওকত চৌধুরীর জমিতে আবাসন প্রতিষ্ঠান রাইয়ান রিয়েল এস্টেটকে বাড়ি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শর্ত না মানায় আবাসন প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে। এর জের ধরে গতকাল সকালে আবাসন প্রতিষ্ঠানের লোকজন সেখানে গেলে এনামুল তাঁর ভাই আবদুল্লাহ আল মামুন ও তাঁদের আত্মীয় মেহেদী হাসানের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা আবাসন প্রতিষ্ঠানের কর্মচারী সবুজ মিয়া নামের একজনকে ধাক্কা দিলে তিনি আহত হন। এরপর আবাসন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রেজা এনামুলসহ অন্যদের আসামি করে মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে জমির মালিকের বিরোধের জের ধরে উভয় পক্ষের করা মামলা আদালতে বিচারাধীন আছে। এ ছাড়া পরস্পরের বিরুদ্ধে থানায় কয়েকটি জিডি করা হয়েছে। এ নিয়ে সালিসি বৈঠকও হয়েছে।
এনামুলের স্ত্রী তানিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, গত সপ্তাহে তাঁর সিজার হয়েছে। গত বছর আবাসন প্রতিষ্ঠানের বাড়িটি নির্মাণ সম্পন্ন করে বাড়ি মালিকদের কাছে হস্তান্তর করার কথা থাকলেও তারা তা করেনি। এরপর তারা বাড়ির চতুর্থ তলায় উঠে বসবাস শুরু করলে আবাসন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে (তানিয়া) ও তাঁর স্বামী এনামুলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গতকাল সকালে আবাসন প্রতিষ্ঠানের ৬০-৬৫ জন লোক অস্ত্র হাতে তাঁদের বাসা ভাঙচুর করে। তারা তাঁর ওপর হামলা চালায়।
জানতে চাইলে রাইয়ান রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মাসুদ রেজা প্রথম আলোকে বলেন, চুক্তি অনুযায়ী এনামুল যে ফ্ল্যাটে থাকেন, সেটি তাঁর। ফ্ল্যাটটি অন্যজনের কাছে বিক্রি করে দিলেও এনামুল তা দখলে রেখেছিলেন। তাঁর কোনো লোক হামলা বা ভাঙচুরও চালায়নি।