বংশালে শিশুসহ দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সুরিটোলায় গতকাল রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের হামলায় শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। তারা হলো সোলায়মান (৯) ও আলমগীর হোসেন (৩০)। তাদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে বংশাল থানাধীন সুরিটোলার লুৎফর রহমান লেনে আড্ডা দিচ্ছিলেন আলমগীর। হঠাৎ করে ওয়াসিম দুই সহযোগীসহ এসে আলমগীরকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়েন। এর একটি আলমগীরের কোমরে বিদ্ধ হয়। ওই সময় সোলায়মান আরেকটি শিশুর সঙ্গে মুদি দোকানে যাচ্ছিল। ওই গুলির একটি সোলায়মানের কোমরে লাগে। স্থানীয় কয়েকজন বলেছেন, দুই দল সন্ত্রাসীর গুলিবিনিময়ে ওই দুজন আহত হয়।
সোলায়মানের বাড়ি সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে।
পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুস সালাম জানান, আলমগীর ও ওয়াসিম একসময় একসঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন। ওয়াসিমের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ওই মামলায় কারাভোগ করে প্রায় এক বছর আগে মুক্তি পান তিনি। আলমগীরের বিরুদ্ধেও হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। এর মধ্যে আলমগীর জুতার ব্যবসা শুরু করেন। ওয়াসিম কারাগার থেকে বের হয়ে আবারও আলমগীরকে দলে ভেড়াতে চান। কিন্তু আলমগীর রাজি না হওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।