বংশী ও গাজীখালি নদী থেকে বালু লুটপাট
ঢাকার ধামরাইয়ের বংশী ও গাজীখালি নদী থেকে বালু লুটের অভিযোগ পাওয়া গেছে। বংশী নদীর কুশুরা ও গাজীখালি নদীর নান্দেশ্বরী এলাকায় খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে।
গত বৃহস্পতিবার বংশী নদীর কুশুরা এলাকায় আধা কিলোমিটারের মধ্যে পাঁচটি খননযন্ত্র দিয়ে বালু তুলতে দেখা যায়। ড্রামের ওপর মাচা বানিয়ে ওই মাচায় খননযন্ত্র বসিয়ে নদী খনন করে তা পাইপের সাহায্যে তীরে নিয়ে ফেলা হচ্ছে। ওই সব খননযন্ত্রের অবস্থান থেকে কুশুরা ইউনিয়ন ভূমি কার্যালয়ের দূরত্ব মাত্র ১০০ গজ।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাবিবুর রহমানসহ কয়েকজন প্রভাবশালী কুশুরায় বংশী নদীতে পাঁচটি খননযন্ত্র বসিয়ে দীর্ঘদিন ধরে বালু তুলে বিক্রি করছেন। তাঁদের একজন শিবিরের ইউনিয়ন পর্যায়ের নেতা। কিন্তু প্রশাসন থেকে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, এই বালু ব্যবসায়ীদের সঙ্গে ধামরাইয়ের ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতাসহ স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের সখ্য রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ করে দিয়ে তাঁরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
তবে কুশুরা ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুশুরায় অভিযান চালিয়ে খননযন্ত্র ও পাইপ ভাঙচুর করেন। এরপর আবার খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু তুলছেন তাঁরা। তাঁদের সঙ্গে ভূমি কার্যালয়ের কারও সখ্য থাকার কথা অস্বীকার করেন তিনি। তিনি বলেন, বালু উত্তোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনেক ক্ষমতাধর। তাঁরা সাংসদসহ প্রভাবশালী লোকজনের ঘনিষ্ঠজন বলে পরিচয় দিয়ে থাকেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তাই বালু তোলা বন্ধে উপজেলা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কুশুরা এলাকার কয়েকজন ভুক্তভোগী প্রথম আলোকে বলেন, মাসের পর মাস নদী থেকে বালু তোলায় নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে অনেকের বাড়িঘর ও অনেক কৃষকের চাষের জমি হুমকির মধ্যে পড়েছে।
মাস খানেক ধরে নান্দেশ্বরী এলাকায় গাজীখালি নদী থেকে বালু উত্তোলন করছিলেন আয়নাল হক নামের এক ব্যক্তি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত মঙ্গলবার তা বন্ধ করে দেন। আয়নাল হক ও হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে তঁাদের পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাঁরা ধরেননি।