বই নকল ও প্রতারণায় গ্রেপ্তার ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে বই নকল ছাপা ও চাকরির নামে প্রতারণার অভিযোগে ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
র‍্যাব-৩-এর একটি দল দুপুর ১২টার দিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই নকল করে ছাপানোর দায়ে রফিকুল ইসলাম ও নাসির উদ্দিন নামের দুজনকে গ্রেপ্তার করেছে।
যাত্রাবাড়ীর গোলাপবাগ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির ১০ হাজারেরও বেশি নকল বই পাওয়া যায়।
এ ছাড়া র‍্যাব-৩ গতকাল রাজধানীর উত্তরা থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত নিয়োগের ভুয়া কাগজপত্র, রসিদ, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জাতীয় পত্রিকায় লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দেখাতেন। এ জন্য তাঁরা চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে ২০-৩০ হাজার টাকা করে নিতেন। এভাবে এ পর্যন্ত ৫০ লাখেরও বেশি টাকা হাতিয়ে নেন তাঁরা।
এদিকে র‍্যাব-১-এর একটি দল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সরবরাহের সময় চুরি যাওয়া ৪০ লাখ টাকার চোরাই মাল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র‍্যাব জানায়, অপরাধীদের ধরতে রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল রাতভর অভিযান চালানো হয়েছে।