লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট উচ্চবিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা না দেওয়ায় নির্ধারিত সময়ের পাঁচ দিন পর গত মঙ্গলবার প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থী বই পেয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের সঙ্গে সহকারী শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত সোমবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকেরা নতুন বই বিতরণ করতে গেলে প্রধান শিক্ষক তাতেও বাধা দেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে সংবাদ পেয়ে লালমনিরহাটে মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ে গেলে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে এলাকাবাসী এ ঘটনার প্রতিকার চেয়ে বিক্ষোভ করছে। এ সময় লালমনিরহাটে কর্মরত বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক প্রচার মাধ্যমের সাত-আটজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদকর্মীদের উপস্থিতি দেখে প্রধান শিক্ষক ওই দিন প্রায় সাড়ে চার শ শিক্ষার্থীকে নতুন বই বিতরণ করেন। এ সময় মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দিন সেশন ফির টাকা আদায় করে আরও ২০০ শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ১ জানুয়ারি বই পেয়েছে মাত্র ১০ জন শিক্ষার্থী।
নাম প্রকাশ না করার শর্তে চার-পাঁচজন শিক্ষার্থী অভিযোগ করে, প্রধান শিক্ষক সেশন ফি বাবদ শ্রেণি অনুযায়ী ২০০ থেকে ২৫০ টাকার মতো নিয়েছেন। তারা প্রথম দিন বই নিতে এলে টাকা না দেওয়ায় তাদের বই দেওয়া হয়নি।
অভিভাবক মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের হুজুর আলী (৫৫) এবং একই গ্রামের গোলাম ফারুক অভিযোগ করেন, ‘দেশের শিক্ষার্থীরা ১ জানুয়ারি নতুন বই পেয়ে আনন্দ করল আর মোগলহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের জন্য এ আনন্দ থেকে বঞ্চিত হলো।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী, আশরাফুল আলম ও মোফাজ্জল হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছে আগে সেশন ফির টাকা আদায় করার পরে বই বিতরণের সিদ্ধান্ত জানালে আমাদের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে আমরা আগ্রহী কিছু শিক্ষার্থীর কাছ থেকে সেশন ফির টাকা নিয়ে সোমবার তাদের বই দিতে গেলে তিনি আমাদের বই বিতরণে বাধা দেন। প্রধান শিক্ষক বলেন, ‘নতুন বই নিতে হলে শিক্ষার্থী বা অভিভাবকদের তাঁর কাছে সেশন ফির টাকা জমা দিতে হবে, অন্য কারও কাছে নয়।’
এ ব্যাপারে প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি রসিদ দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফির টাকা নিয়ে তাদের নতুন বই দিয়েছি। আর ওরা রসিদ ছাড়া কার অনুমতিতে শিক্ষার্থীদের সেশন ফির টাকা নিল। তাই ওদের বই বিতরণ করতে নিষেধ করেছি।’ তিনি আরও বলেন, ১ জানুয়ারি নতুন বই বিতরণ শুরু করলেও নানা কারণে সবাইকে দেওয়া সম্ভব হয়নি। আর বই বিতরণ নিয়ে শিক্ষকদের সঙ্গে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানান তিনি।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, সরকারি বই বিতরণ নীতিমালা অনুযায়ী বিতরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো রকম অর্থ নেওয়া বেআইনি ও অপরাধ। যদি তা সেশন ফির টাকাও হয় তবে তা সুবিধাজনক সময়ে বা পরে নেওয়া যাবে, কোনো অবস্থায় ওই দিন নয়। শিক্ষার্থীদের মধ্যে নতুন বই কেন বিতরণ করা হয়নি, তা খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।