কক্সবাজারের টেকনাফ থেকে সাড়ে ১১ হাজার ইয়াবা বড়িসহ মো. ইসমাঈল নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দমদমিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া তল্লাশিচৌকির বিজিবির সদস্যরা একটি বাসে তল্লাশি চালান। এ সময় যাত্রী ইসমাঈলের হাতে থাকা বইয়ের ভেতরে (মলাট থাকলেও ভেতরের পৃষ্ঠা কেটে ফাঁকা জায়গা তৈরি করা হয়েছে) ৯ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তাঁর জুতা ও শরীরের বিভিন্ন স্থানে আরও ২ হাজার ৪৫২ ইয়াবা বড়ি ছিল।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ইসমাঈলের বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাছরপাড়া গ্রামে। তিনি নিজেকে একজন মাওলানা দাবি করে তল্লাশিকাজে বাধা দেওয়ার চেষ্টা চালান।