বইয়ের ব্যাগে চাপাতি, দুই ছাত্রসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক স্কুলছাত্রের বইয়ের ব্যাগ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ছাত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ২৪ এপ্রিল বোয়ালী চাষী উচ্চবিদ্যালয় মাঠে বৈশাখী মেলায় এক স্কুলছাত্রের সঙ্গে তার কয়েকজন সহপাঠীর বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে আজ সকাল পৌনে নয়টার দিকে ওই ছাত্র দলবল নিয়ে বইয়ের ব্যাগে চাপাতি নিয়ে শ্রেণিকক্ষে ঢোকে। অন্য শিক্ষার্থীরা তার ব্যাগ খালি দেখে সন্দেহ করলে ব্যাগে তল্লাশি চালিয়ে চাপাতি উদ্ধার করে এবং ওই ছাত্রকে ধরে ফেলে। তা দেখে আরেক ছাত্র দৌড়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্ররা তাকেও ধরে ফেলে। পরে শিক্ষকেরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ওই দুই ছাত্রের বড় ভাই হিসেবে পরিচিত স্থানীয় এক তরুণকে আটক করে। পরে তাদের সখীপুর থানায় নিয়ে যাওয়া হয়।
যার ব্যাগে চাপাতি ছিল বলে অভিযোগ, ওই ছাত্র সখীপুর থানায় সাংবাদিকদের জানায়, হামলার জন্য নয়, সে আত্মরক্ষার জন্য চাপাতি রেখেছিল।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক বলেন, ওই বিদ্যালয়ে সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার সম্ভাবনা রয়েছে।