বইয়ের ভাঁজে ইয়াবা!
চট্টগ্রামে বইয়ের ভেতরে করে ইয়াবা বড়ি পাচারের সময় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রশিদ আহমেদ, হুমায়রা আহমেদ ও তারেক হুমায়ুন। গতকাল শনিবার ভোররাতে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ৪ হাজার ৭০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে ব্যাগ ভর্তি বইয়ের ভেতরে ঢুকিয়ে ঢাকায় ইয়াবা নেওয়া হচ্ছে—পুলিশ এমন তথ্য পায়। পরে শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে রশিদের কাছ থেকে দুই হাজার, হুমায়রার কাছ থেকে ৯০০ এবং তারেকের কাছ থেকে ১ হাজার ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ওসি জানান, ইয়াবা বড়িগুলো ব্যাগে রাখা বইয়ের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।