বউ আনার দিনে গাছে মিলল বরের ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দিন আগে কাবিন হয়েছে। এরপর থেকে চলছে কনেকে বরের বাড়ি তুলে আনার আয়োজন। আজ বুধবার ছিল সেই বউ তুলে আনার দিন। কিন্তু সকালে বউ জানলেন, তাঁর বরের ফাঁস লাগানো লাশ গাছের ডালে ঝুলছে।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইটবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ মে ইটবাড়িয়া গ্রামের মোশারেফ হাওলাদারের (২৮) সঙ্গে উপজেলার গোলখালী ইউনিয়নের ভাদাই গ্রামের লিজা আকতারের (২০) কাবিন হয়। আজ লিজাকে তুলে আনার কথা ছিল।
মোশারেফের ভাতিজা রুবেল বলেন, গতকাল সকাল থেকে রাত পর্যন্ত মোশারেফ বিয়ের কেনাকাটায় ব্যস্ত ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি ঘুমাতে যান। এরপর আজ সকালে ঘরের পাশের একটি রেইনট্রির ডালে মোশারেফের ফাঁস লাগানো লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। সকাল নয়টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

রুবেলের ভাষ্য, বিয়েতে মোশারেফ তাঁর জমানো টাকার প্রায় সবই খরচ করে ফেলেছিলেন। বিয়ের বাজারের জন্য আরও কিছু টাকার দরকার ছিল। মঙ্গলবার রাত পর্যন্ত তিনি টাকা জোগাড় করতে পারেননি। এ কারণে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, সুরতহাল দেখে মনে হচ্ছে, মোশারেফ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত হলে বিস্তারিত বলা যাবে।