বক নিয়ে সংঘর্ষ, শিকার হলেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে বক শিকার নিয়ে ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামের লোকদের মধ্যকার গন্ডগোল ঠেকাতে এসে নিহত হয়েছেন ফিরোজ খান (৫১) নামের এক কৃষক। আজ শনিবার বেলা আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামে এ ঘটনা ঘটে।

ফিরোজ খান বানেশ্বর্দী গ্রামের বাসিন্দা। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলের বাবা।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, চরযশোরদী ইউনিয়নের বানেশ্বর্দী ও রজব গ্রামের মাঝামাঝি একটি মাঠে বক শিকার করা নিয়ে ওই দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ খবর শুনে সংঘর্ষ ঠেকাতে মাঠে ছুটে আসেন ফিরোজ খান। দুই দলের মাঝে পড়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নাম না প্রকাশের শর্তে প্রত্যক্ষদর্শী দুজন জানান, ফিরোজ খানের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ মৃত্যুর প্রতিবাদে বানেশ্বর্দী গ্রামের লোকজন রজব গ্রামে হামলা চালিয়ে দুটি বাড়ি ভাঙচুর করে। পরে নগরকান্দা থানার পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, নিহত ব্যক্তির মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।