বকশীগঞ্জে সংঘর্ষে ১৫ জন আহত
জামালপুরের বকশীগঞ্জের বাগাডুবা গ্রামে ছাগলে পাটখেত নষ্ট করার ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাগাডুবা গ্রামের আমরুল হক (৪৫), ছকমল বেওয়া (৫০), সৈয়দর আলী (৩০), রত্না বেগম (১৮), শুক্কুর আলী (৩০), আজাদ আলী (১৮) ও দুদু মিয়া (৫৫। তাঁদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের বাগাডুবা গ্রামে গত সোমবার সকালে ছানা মিয়ার ছাগল একই গ্রামের শফিকুল মিয়ার পাটখেত নষ্ট করে। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে গতকাল সকালে ছানা মিয়ার নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে শফিকুলের বাড়িঘরে হামলা চালায়।