বকশীগঞ্জে হাতির আক্রমণে এক কৃষক নিহত
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাতানীয়াপাড়া গ্রামে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত এবং অপর এক কৃষক আহত হয়েছেন। গত রোববার রাতে হাতির পাল তাড়াতে গেলে তাঁরা আক্রমণের শিকার হন।
নিহত কৃষকের নাম সাজু মিয়া (২৮)। তিনি সাতানীয়াপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আহত কৃষক হলেন বালুচর গ্রামের খোকন মিয়া (২৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড় এলাকা অতিক্রম করে গত রোববার রাত ১২টার দিকে ২৫-৩০টি বন্য হাতি সাতানীয়াপাড়া গ্রামে ঢুকে পড়ে। এ সময় গ্রামবাসী একত্র হয়ে হাতির পাল তাড়াতে যান। রাত দুইটার দিকে হাতির পাল গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ সময় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাজু মিয়া মারা যান। এ সময় খোকন মিয়া নামের অন্য আর একজন কৃষক আহত হন। গুরুতর আহত ওই কৃষক বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার নগদ অনুদান দিয়েছি।’
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।