বকশীগঞ্জের নারী পোশাকশ্রমিক গাজীপুরে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মনিরা বেগম (২৮) নামের এক পোশাকশ্রমিক গাজীপুরে খুন হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে বকশীগঞ্জের নিজ বাড়ি থেকে পুলিশ তাঁর লাশটি উদ্ধার করে।
মনিরা বেগমের বাড়ি ওই উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মোক্তারুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই বছর ধরে মনিরা বেগম গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে তিনি মুরাদ মিয়া (১১) নামের এক ভাগনেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভাগনে মুরাদ বাড়িতে ফিরে বিছানার ওপর খালার লাশ দেখতে পায়। খবর পেয়ে মনিরা বেগমের আত্মীয়স্বজন গাজীপুরে যান। সেখানে পুলিশকে কোনো কিছু না জানিয়েই বৃহস্পতিবার রাতেই লাশটি বকশীগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে আসেন তাঁরা। লাশটি গ্রামের লোকজনকে দেখতে দিচ্ছিলেন না পরিবারের লোকজন। গ্রামবাসী বিষয়টি রহস্যজনক মনে করে পুলিশে খবর দেন। গতকাল বেলা একটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতারের মর্গে পাঠায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে ওই পোশাকশ্রমিকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন আইনকানুন না বুঝেই লাশটি গ্রামের বাড়িতে নিয়ে আসেন। ঘটনাস্থল গাজীপুরে একটি হত্যা মামলা দায়ের হবে। আমরা ময়নাতদন্তের প্রতিবেদনটি সেখানে পাঠিয়ে দেব।’