বকশীবাজারে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর চকবাজার এলাকায় বকশীবাজারে আজ দুপুরে আলিয়া মাদ্রাসার ছাত্রলীগ নেতা মহসীন বিল্লাহ (২৮) গুরুতর আহত হয়েছেন।
পুলিশের দাবি, মহসীন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহসম্পাদক। আধিপত্য বিস্তারের কারণে প্রতিপক্ষ সাগর গ্রুপ এই হামলা চালায়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) হাসিবুল হাসান প্রথম আলোকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে সাকের, শাহাদাত, সিদ্দিক, শাকিলসহ আট-দশ জন যুবক পুরান ঢাকার বকশীবাজার মোড়ে আলিয়া মাদ্রাসার সামনে মহসীনের ওপর হামলা চালান। হামলাকারীরা মহসীনের মাথা ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের শফিক-মহসীন গ্রুপের সঙ্গে সাগর গ্রুপের প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।