বকশীবাজারের প্রতিক্রিয়া কাজীর দেউড়িতে

রাজধানীর বকশীবাজারে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার খবরে চট্টগ্রাম নগর ছাত্রদল গতকাল বুধবার দুপুরে ঝটিকা মিছিল বের করে। এ সময় কয়েকটি গাড়িতে ঢিল ছোড়া হয় এবং সড়ক বিভাজক ভাঙচুর করেন নেতা-কর্মীরা।
একই দাবিতে বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ির বহরে হামলা চালিয়ে স্বৈরাচারী চেহারার প্রকাশ ঘটিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ভিন্নমতে বিশ্বাসী নয়। তাই একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। কিন্তু বিএনপি রাজপথেই আওয়ামী লীগকে মোকাবিলা করবে।
নাসিমন ভবন চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। এতে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বক্তৃতা করেন।
শাহাদাৎ হোসেন বলেন, ‘হামলা-মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের অস্থির করে রেখেছে স্বৈরাচারী আওয়ামী লীগ। চেয়ারপারসনের গাড়ির বহরে হামলা চালিয়ে তাঁরা স্বৈরাচারী চেহারার প্রকাশ ঘটিয়েছে। এসব হামলা-মামলা দেওয়ার জন্য তাঁদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে।’
আবু সুফিয়ান বলেন, এখন আর দলীয় কার্যালয় নয়, পাড়ায় পাড়ায় আন্দোলন ছড়িয়ে দিতে হবে। ভোটের অধিকার আদায় করে নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে নেতা-কর্মীদের কঠিন আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
গাড়ি ভাঙচুর: গতকাল দুপুরে ঝটিকা মিছিল বের হয়। নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি নাসিমন ভবনের মুখ ঘুরে কাজীর দেউড়ি হয়ে চট্টেশ্বরীর দিকে যায়। সেখানে ব্যাটারিগলির মুখে কর্মীরা সড়ক বিভাজক ভাঙচুর করে এলোমেলো করে দেন।

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘খবর পেয়ে কিছু সাংবাদিক ঘটনাস্থলে টিভি ক্যামেরা নিয়ে উপস্থিত হন। তখন ছাত্রদলের কর্মীরা সড়ক বিভাজক ভাঙচুর করেন।’
পুলিশের একটি সূত্র জানায়, ছাত্রদলের কর্মীরা ব্যাটারিগলি থেকে সরে গেলে আওয়ামী লীগের কয়েকজন কর্মী আলমাস সিনেমা হলের অদূরে জড়ো হন। এ সময় গণমাধ্যমের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন আওয়ামী লীগ-সমর্থকেরা। এর মধ্যে একজন নারী সাংবাদিকও রয়েছেন।